শিরোনাম

চাঁদপুর, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : জেলার কচুয়া উপজেলায় রাতে সেহরির খাবার প্রস্তুত করতে গিয়ে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের ৩জন দগ্ধ হয়েছেন।
এ ঘটনায় খাদিজা আক্তার (৩০), তার স্বামী মো. মাহমুদুল (৩৬) ও জা শিউলি আক্তার (৪০) দগ্ধ হয়েছেন।
আজ বুধবার ভোর রাত আনুমানিক ৪টার দিকে কচুয়া দক্ষিণ ইউনিয়নের হোসেনপুর গ্রামের বোয়াল বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।
দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন, কচুয়া দক্ষিণ ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. নাছির হোসেন। দগ্ধ তিনজনই বর্তমানে ঢাকা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।
দগ্ধ মাহমুদুলের ছোট ভাই হাসান বলেন, ভোর আনুমানিক ৪টার দিকে তার ভাবি খাদিজা আক্তার সেহরি প্রস্তুত করার জন্য রান্না ঘরে যান। সেখানে পূর্ব থেকে গ্যাস সিলিন্ডার লিকেজ হয়েছিলো। চুলায় আগুন ধরাতে গেলে বিস্ফোরণ ঘটে। খাদিজাকে উদ্ধার করতে গিয়ে মাহমুদুল ও শিউলির শরীরে আগুন লেগে যায়।
তিনি আরো বলেন, বাড়ি থেকে তাদেরকে তাৎক্ষণিক উদ্ধার করে ভোর ৫টার দিকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে অ্যাম্বুলেন্স করে ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। বর্তমানে আহতদের চিকিৎসা চলছে।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান বাসসকে জানান, সকাল সাড়ে ৮টার দিকে চাঁদপুর থেকে তিনজনকে দগ্ধ অবস্থায় আনা হয়েছে। তন্মধ্যে খাদিজা আক্তারের ৩৫ শতাংশ, মাহমুদুলের ৪ শতাংশ ও শিউলি আক্তারের ২ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের মধ্যে খাদিজাকে ভর্তি করা হয়েছে বাকি দুজনকে জরুরি বিভাগে অবজারভেসনে রাখা হয়েছে।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন জানান, তিনি ঘটনাটি শুনেছেন, তবে থানায় আনুষ্ঠানিক ভাবে কেউ জানায়নি, কি ঘটেছে খোঁজ খবর নিয়ে বিস্তারিত জেনে বলতে পারবেন বলে জানান তিনি।