বাসস
  ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৪:১৭
আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৪:২৫

রাজশাহীতে পরিবেশবান্ধব গ্রিন বিল্ডিংয়ের ভিত্তি প্রস্তর স্থাপন

আজ সকালে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন গ্রিন বিল্ডিংয়ের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। ছবি: বাসস

রাজশাহী, ৩ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় ‘লোকাল গভর্নমেন্ট কোভিড-১৯ রেসপন্স এন্ড রিকভারি প্রজেক্ট (এলজিসিআরআরপি)’ প্রকল্পের আওতায় গ্রিন বিল্ডিংয়ের আজ ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। 

বৃহস্পতিবার সকালে ১৮নং ওয়ার্ডের শহীদ জিয়া শিশু পার্কের সামনে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন প্রধান অতিথি হিসেবে গ্রিন বিল্ডিংয়ের ফলক উন্মেচন করে নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন। ৩ হাজার ৭৫.৪২ বর্গফুট আয়তনে এ গ্রিন বিল্ডিংটি নির্মিত হচ্ছে। উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সোনাদিঘী জামে মসজিদের পেশ ইমাম ক্বারী মো. মামুনুর রশীদ। রাজশাহী সিটি কর্পোরেশনের বাস্তবায়নে ভবনটি নির্মাণে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৪ কোটি ১৯ লাখ ৫৪ হাজার ৩শ’ ৪৪ টাকা। ৫ তলা ফাউন্ডেশনে ২য় তলা বিশিষ্ট গ্রিন ভবনের নীচ তলায় দোকান ঘর থাকবে। ২য় তলায় হলরুম/কমিউনিটি স্পেস ও ব্রেস্ট ফিডিং কর্ণার থাকবে।

প্রকৌশল বিভাগ হতে প্রাপ্ত তথ্য মতে, পরিবেশ বান্ধব হলোব্লক দিয়ে এ ভবনটি নির্মিত হবে। নিজস্ব সোলার প্যানেলে উৎপাদিত বিদ্যুৎ দিয়ে বিদ্যুতায়নের ব্যবস্থা করা হবে।

উত্তরাঞ্চলে এটিই প্রথম বিল্ডিং। এ ভবনটিতে বিশেষায়িত গ্লাস ব্যবহৃত করা হবে যা তাপরোধী। ভবনটির রুফটফে তাপরোধী রংঙের কোটিং ব্যবহৃত হবে। যা ভবনটিকে শীতল রাখতে সহায়তা করবে। বিশেষ চাহিদাসম্পন্নদের জন্য টয়লেট ও লিফটের ব্যবস্থা রাখা হবে। এই ভবনের সম্মুখ অংশে ভার্টিক্যাল গার্ডেনিং করা হবে। যা ভবনটিকে পরিবেশ বান্ধব রাখতে সহায়তা করবে।

উদ্বোধনকালে রাসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মো. মাহমুদুর রহমান, নির্বাহী প্রকৌশলী পরিকল্পনা জসীম উদ্দিন আরজু,

নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এবিএম আসাদুজ্জামান সুইট, সহকারী প্রকৌশলী মো. শাহেদুজ্জামান জীবন, শাহ মখদুম থানা বিএনপি’র সদস্য সচিব নাসিম খান, ১৭ নং পূর্ব ওয়ার্ড বিএনপি’র সভাপতি মেহের আলী, ১৭ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মো. বাবু, যুবনেতা তৌফিক আব্দুল্লাহসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।