বাসস
  ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৫৬

চুয়াডাঙ্গায় বিজিবি’র মাদক বিরোধী অভিযানে অবৈধ পণ্য জব্দ

: চুয়াডাঙ্গায় আজ ৬৭ লক্ষ টাকার অবৈধ পণ্য আটক করেছে বিজিবি।ছবি: বাসস

চুয়াডাঙ্গা, ৩ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : চুয়াডাঙ্গায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৬৭ লক্ষ টাকার অবৈধ পণ্য আটক করেছে বিজিবি। আজ দুপুরে চুয়াডাঙ্গা-৬ বিজিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য বাসস’কে জানায়। উদ্ধার পণ্যের মধ্যে রয়েছে নেশা জাতীয় সিরাপ, মদ, হেরোইন, ওষুধ, কসমেটিকস ও কম্বল।

চুয়াডাঙ্গা -৬ বিজিবি’র ভারপ্রাপ্ত কোয়ার্টার মাষ্টার মোহাম্মদ রাজ মামুদ বাসস’কে জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিশেষ অভিযান চালানো হচ্ছে। এরই অংশ হিসেবে দর্শনা, বাজিতপুর, মুন্সিপুর এবং আইসিপি’র বিজিবি টহল দল সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন মালামাল আটক করে।

আটক মালামালের মধ্যে রয়েছে ৫০ বোতল ভারতীয় ইস্কাপ সিরাপ, ৩ বোতল মদ, ৩০ গ্রাম হেরোইন, ১০ হাজার ৪৪০ পিস ভারতীয় সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট, ১০ হাজার ৮শ’ পিস ডেক্সাম্যাথাসন ট্যাবলেট, ৩৪ পিস বিভিন্ন প্রকার ভারতীয় কসমেটিক্স, ২৫ পিস চকলেট, ১ পিস কম্বল এবং ১টি মোটরসাইকেল। জব্দ মালামালের সিজার মূল্য ৬৭ লাখ ৫৩ হাজার টাকা।

চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হাসান বাসস’কে বলেন, দেশের সীমান্তের নিরাপত্তা নিশ্চিতকরণ মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে।