শিরোনাম

গাইবান্ধা, ৩ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়কে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রো চালক মো.মাসুদ রানা (৩৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচ যাত্রী আহত হন।
আজ বৃহস্পতিবার সকালে গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়কের সাঁকো ব্রীজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মৃত মাসুদ রানা ঠাকুরগাঁও সদরের বাসগড়া গ্রামের মো.ফয়জার রহমানের ছেলে।
স্থানীয় ও পুলিশ জানায়, গাইবান্ধা থেকে যাত্রী নিয়ে আল হামরা পরিবহনের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। বাসটি সাকোয়া সেতু এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসচালক মাসুদ রানা ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় মাইক্রো ও বাসের পাঁচ যাত্রী আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ার আলম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বাসসকে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে থানায় ফিরে এলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।