বাসস
  ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:২৬

হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

হবিগঞ্জ, ২৪ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস): হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের রতনপুর এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে পায়েল গোপ (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন বিশাল গোপ নামে আরও একজন।

গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত পায়েল গোপ হবিগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর গ্রামের ভানু গোপের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পায়েল ও বিশাল মোটরসাইকেলযোগে শায়েস্তাগঞ্জ থেকে হবিগঞ্জ শহরের দিকে আসছিলেন। পথে রতনপুর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে তারা দু’জনই গুরুতর আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোটরসাইকেল চালক পায়েল গোপকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত বিশাল গোপকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।