বাসস
  ২১ আগস্ট ২০২৬, ১৮:৪৪

সাতক্ষীরা সীমান্তে শাড়ি, মোবাইলের যন্ত্রাংশ ও বাইসাইকেল জব্দ   

ছবি : বাসস

সাতক্ষীরা, ২১ আগস্ট ২০২৬ (বাসস): জেলায় আজ সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) -এর চোরাচালান বিরোধী বিশেষ অভিযানকালে ভারতীয় শাড়ি, ৯টি বাইসাইকেল, মোবাইল ফোনের যন্ত্রাংশ ও রসুন জব্দ করা হয়েছে। 

জব্দকৃত এসব মালামালের সর্বমোট বাজার মূল্য আনুমানিক ১১ লাখ আটহাজার চারশ’ টাকা বলে বিজিবি সূত্রে জানা গেছে। 

আজ শুক্রবার সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলায় বিজিবি ব্যাটালিয়ন সদর, পদ্মশাখরা, মাদরা ও বাঁকাল চেকপোষ্ট বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে এসব মালামাল জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে সাতক্ষীরা সদরের ৩৩ বিজিবি ব্যাটালিয়ন সদরের বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার গেড়াখালী নামক স্থান হতে ৯টি ভারতীয় বাইসাইকেল, পদ্মশাখরা বিওপির বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার হাড়দ্দহা নামক স্থান হতে চার বস্তা ভারতীয় রসুন এবং মাদরা বিওপির পৃথক দুটি বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার রাজপুর ও ভাদিয়ালি নামক স্থান হতে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে। 

এছাড়া, বাঁকাল চেকপোস্টের বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার ঢালিপাড়া নামক স্থান হতে শাড়ি ও ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে। জব্দকৃত এসব মালামালের সর্বমোট বাজার মূল্য আনুমানিক ১১ লাখ আট হাজার চারশ টাকা। 

বিষয়টি নিশ্চিত করে বিজিবি’র সাতক্ষীরা ব্যাটেলিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান জানান, জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেয়া হয়েছে। জনস্বার্থে ও চোরাচালান প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।