বাসস
  ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৪০

রমজান উপলক্ষে পটুয়াখালীতে সুলভ মূল্যে প্রাণিজাত পণ্য বিক্রি শুরু

রমজান উপলক্ষে পটুয়াখালীতে সুলভ মূল্যে প্রাণিজাত পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন । ছবি: বাসস

পটুয়াখালী, ২৩ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস): পবিত্র মাহে রমজান উপলক্ষে পটুয়াখালীতে সুলভ মূল্যে প্রাণিজাত পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

“আমিষেই শক্তি, আমিষেই মুক্তি”এ প্রতিপাদ্যে আজ সোমবার সকাল ১০টায় এ কার্যক্রম শুরু হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. হাবিবুর রহমান, জেলা ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুস সালাম আরিফসহ জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের চাহিদা বৃদ্ধি পায়। সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার কথা বিবেচনায় রেখে সরকার প্রাণিজাত পণ্য সুলভ মূল্যে সরবরাহের উদ্যোগ নিয়েছে।

এ কর্মসূচির আওতায় প্রতি পিস মুরগির ডিম ৮ টাকা এবং প্রতি লিটার গরুর দুধ ৭৫ টাকা দরে বিক্রি করা হচ্ছে।

ক্রেতারা তাদের প্রয়োজন অনুযায়ী নির্ধারিত মূল্যে পণ্য ক্রয় করতে পারবেন বলে আয়োজকরা জানিয়েছেন।

জেলা প্রাণিসম্পদ বিভাগ সূত্রে জানা গেছে, ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এ কার্যক্রম পুরো রমজান মাসজুড়ে অব্যাহত থাকবে।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ উদ্যোগের মাধ্যমে ন্যায্যমূল্যে প্রাণিজাত পণ্য সরবরাহ নিশ্চিত হওয়ার পাশাপাশি সাধারণ মানুষের পুষ্টি চাহিদা পূরণে ইতিবাচক ভূমিকা রাখবে।