বাসস
  ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:০৫

ফেনীর উন্নয়নে ৩ এমপি একসঙ্গে প্রধানমন্ত্রীর কাছে যাবো: ভিপি জয়নাল

জেলার উন্নয়নে ৩ এমপি একসঙ্গে প্রধানমন্ত্রীর কাছে যাবো: ভিপি জয়নাল । ছবি: বাসস

ফেনী, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : ফেনী-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবদীন (ভিপি জয়নাল) বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার সহযোগিতায় ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত ফেনীতে আমরা ব্যাপক উন্নয়ন পেয়েছি। 

তিনি বলেন, জেলার অসমাপ্ত উন্নয়নে তাঁর যে প্রতিশ্রুতি রয়েছে আশা করছি প্রধানমন্ত্রী তারেক রহমান আমাদের বিমুখ করবেন না। আমরা ফেনীর তিন এমপি একসঙ্গে তার সঙ্গে সাক্ষাত করে তাঁর মায়ের প্রতিশ্রুতির কথা জানাবো। 

তিনি আরও বলেন, ফেনীতে মেডিকেল কলেজ, পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন ও বন্যা নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থাসহ দাবী গুলো তার কাছে তুলে ধরবো।

আজ সোমবার দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এমপি জয়নাল আবদীন এসব কথা বলেন। 

অধ্যাপক জয়নাল আবদীন বলেন, আমাদের এখন কাজ হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করে জনগণের নিরাপত্তা নিশ্চিত করা, আইনের শাসন প্রতিষ্ঠা করা। যারা বিগত সময়ে দেশের মানুষকে প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা করেছে তাদের কোনোভাবেই ক্ষমা করা যাবে না। তবে আইন হাতে তুলে নিয়ে নয়, তাদের আইনের মাধ্যমে বিচারের আওতায় আনতে হবে।

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মনিরা হকের সভাপতিত্বে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকারিয়া জেলার সংক্ষিপ্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রজেক্টরের মাধ্যমে তুলে ধরেন। 

আলোচনায় অংশ নিয়ে ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু বলেন, ফেনীর সীমান্তবর্তী এলাকা দিয়ে এখনও মাদক ও চোরা কারবারি চলছে। এসব অপরাধে যারাই জড়িত থাকুক তাদের আইনের আওতায় আনতে হবে। 

মাদক চোরাচালান বন্ধে সবাইকে নিয়ে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেন, সবাইকে নিয়ে সুন্দর ফেনী গড়তে চাই। অতীত আমাদের অনেক শিক্ষা দিয়েছে। যারা ক্ষমতায় গিয়ে জনগণকে ক্ষমতার দাপট দেখিয়েছে তাদের করুণ পরিণতি হয়েছে। এখন কেউ ক্ষমতা দেখানোর চেষ্টা করলে প্রশ্রয় দেয়া হবে না। 

সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ সাইফুল ইসলাম, সিভিল সার্জন ডা. রুবাইয়াত বিন করিম, হেফাজতে ইসলামের জেলা সেক্রেটারি মাওলানা ওমর ফারুক, ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন, এনসিপির সদস্য সচিব শাহ ওয়ালী উল্যাহ মানিক, ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক মাওলানা একরামুল হক, খেলাফত মজলিসের যুগ্ম-সম্পাদক আজিজ উল্যাহ আহম্মদী প্রমুখ বক্তব্য দেন।