বাসস
  ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:০৪

বাগেরহাটে এনজিওর সক্ষমতা বৃদ্ধি বিষয়ক ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা 

মোল্লারহাটে এনজিওর সক্ষমতা বৃদ্ধি বিষয়ক ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা । ছবি: বাসস

Vবাগেরহাট, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : জেলার মোল্লাহাট উপজেলায় পাঁচটি বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) সক্ষমতা বৃদ্ধি বিষয়ক ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। ডিজিটাল পরিসরের সুযোগকে কার্যকরভাবে কাজে লাগানো এবং চ্যালেঞ্জসমূহ মোকাবিলার মাধ্যমে শিশু ও তরুণদের মতপ্রকাশের স্বাধীনতা রক্ষা ও সক্ষমতা বৃদ্ধিতে সিভিল সোসাইটি অর্গানাইজেশন (সিএসও) সমূহকে শক্তিশালী করার লক্ষ্যে এই কর্মশালার আয়োজন করা হয়েছে।

বেসরকারি প্রতিষ্ঠান ইনসিডিন বাংলাদেশ-এর আয়োজনে এবং ইউরোপীয় ইউনিয়ন-এর অর্থায়নে রোববার  সকাল ১০টায় হাড়িদাহ এডামসের সভাকক্ষে এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়।

প্রশিক্ষণে অংশগ্রহণকারী সংগঠনগুলো হলো-রংধনু নারী উন্নয়ন সংস্থা, গাড়ফা পল্লী সমাজ নারী উন্নয়ন সংস্থা, গাড়ফা স্বপ্ন সিঁড়ি যুব মহিলা উন্নয়ন সংস্থা, আটজুড়ী নারী উন্নয়ন সংস্থা ও কোদালিয়া নারী উন্নয়ন সংস্থা। 

এসব প্রতিষ্ঠানের মোট ২০ জন প্রতিনিধি প্রশিক্ষণে অংশ নিচ্ছেন।

আয়োজক সূত্র জানায়, তিন দিনব্যাপী এই কর্মশালায় ডিজিটাল নিরাপত্তা, অনলাইন প্ল্যাটফর্মে কার্যকর যোগাযোগ, শিশু ও তরুণদের অধিকার সংরক্ষণ, সংগঠন পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি এবং প্রকল্প বাস্তবায়নে দক্ষতা উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা ও ব্যবহারিক সেশন অনুষ্ঠিত হবে।

প্রশিক্ষণের মাধ্যমে সংশ্লিষ্ট সংগঠনগুলোর প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি পাবে এবং তারা স্থানীয় পর্যায়ে শিশু ও তরুণদের জন্য নিরাপদ ও সহায়ক ডিজিটাল পরিবেশ নিশ্চিত করতে আরও কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।

প্রশিক্ষণ কর্মশালার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রকল্প পরিচালক এডভোকেট মো. রফিকুল আলম।