শিরোনাম

পিরোজপুর, ২২ জুন ২০২৬ (বাসস) : পিরোজপুর পৌরসভার জন্য ২০২৬-২৭ অর্থবছরে ৭৯ কোটি ৪৭ হাজার ৪০০ টাকা বাজেট ঘোষণা করা হয়েছে।
পৌরসভার প্রশাসক মাহমুদুর রহমান মামুন এই প্রস্তাবিত বাজেট ঘোষণা করেন। এ উপলক্ষে আজ দুপুর ১২টায় পিরোজপুর পৌরসভার সভা কক্ষে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
পৌর প্রশাসক মাহমুদুর রহমান মামুন জানান, প্রস্তাবিত বাজেটে প্রারম্ভিক স্থিতিসহ মোট আয় ধরা হয়েছে ৭৯ কোটি ৪৭ হাজার ৪০০ টাকা। এর মধ্যে মোট ব্যয় নির্ধারণ করা হয়েছে ৭৬ কোটি ৭৫ লাখ ৯১ হাজার টাকা। এছাড়া বাজেটে ২ কোটি ১৪ লাখ ৫৬ হাজার ৪০০ টাকা উদ্বৃত্ত রাখা হয়েছে। সর্বমোট বাজেটের আকার ৭৯ কোটি ৪৭ হাজার ৪০০ টাকা।
তিনি বলেন, নাগরিকদের প্রয়োজন ও প্রত্যাশার কথা বিবেচনায় রেখে এই বাজেট প্রণয়ন করা হয়েছে। পৌরসভার চলমান উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি নতুন বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। তিনি পৌর এলাকার সড়ক, ড্রেনেজ ব্যবস্থা, বর্জ্য ব্যবস্থাপনা, সড়কে আলোকায়ন ও অন্যান্য নাগরিক সেবা বৃদ্ধি করার বিষয়ে গুরুত্বারোপ করেন।
মতবিনিময় সভায় পৌর নির্বাহী কর্মকর্তা বনি আমিন, প্রশাসনিক কর্মকর্তা মো. জামাল হোসেন মল্লিক, সহকারী প্রকৌশলী মো. মেহেদী হাসান এবং হিসাবরক্ষক মো. মিজানুর রহমান উপস্থিত ছিলেন। এছাড়াও পিরোজপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা এ মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।