বাসস
  ২২ জুন ২০২৬, ১৬:৪৯

টাঙ্গাইলে যমুনা নদীতে জব্দকৃত অবৈধ জাল ধ্বংস

টাঙ্গাইলে যমুনা নদীতে জব্দকৃত অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।  ছবি: বাসস

টাঙ্গাইল, ২২ জুন ২০২৬ (বাসস): জেলার ভূঞাপুর উপজেলায় আজ যমুনা নদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানকালে বিভিন্ন ধরনের মোট ১৩ হাজার পাঁচশ’ মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে। পরে জব্দকৃত এসব জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। 

আজ সোমবার দুপুরে যমুনা নদীর ভূঞাপুর উপজেলার অংশে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব হাসান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, সোমবার দুপুরে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নে যমুনা নদীর ভূঞাপুর উপজেলার অংশে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এ সময় নদীতে প্রায় আটহাজার পাঁচশ’ মিটার চায়না দুয়ারি জাল, একহাজার মিটার কারেন্ট জাল এবং চারহাজার মিটার মশারি জাল জব্দ করা হয়। এ সময়  রফিকুল ইসলাম (৪৩) নামের একব্যক্তিকে আটক পাঁচশ’ টাকা জরিমানা করা হয়।

পরে জব্দকৃত এসব জাল জনসমক্ষে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা মোছা. রিমা আক্তার সহ নৌ-পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।