বাসস
  ২২ জুন ২০২৬, ১৭:০৭

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন 

ছবি : বাসস

ময়মনসিংহ, ২২ জুন ২০২৬ (বাসস): জনগণের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের গৃহীত উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে আজ ময়মনসিংহ সিটি কর্পোরেশনের (মসিক) উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। 

এ সময় সেবাপ্রার্থী ৩৬৭ জন রোগীর মধ্যে বিনামূল্যে ওষুধ ও চশমা বিতরণ করা হয়।

আজ সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত ময়মনসিংহ নগরীর বাঘমারা নগর মাতৃসদন কেন্দ্রে সিটি কর্পোরেশনের ১৬, ১৭, ১৮, ১৯ ও ২০ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের জন্য এ চিকিৎসা ক্যাম্পেইনের আয়োজন করা হয়।

প্রধান অতিথি হিসাবে এ ক্যাম্পেইন উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন। 

এ সময় সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুমনা আল মজীদ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচকে দেবনাথ, বিএনএসবি চক্ষু হাসপাতালের সমন্বয়ক মো. শরীফুজ্জামান পরাগ প্রমুখ উপস্থিত ছিলেন।  

ময়মনসিংহ বিএনএসবি চক্ষু হাসপাতালের সহযোগিতায় ২ জন বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে মোট ১২ সদস্যের একটি দল এ চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন পরিচালনা করেন। এ সময় সেবা গ্রহীতাদের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চিকিৎসা পরামর্শ ও প্রয়োজন অনুযায়ি ওষুধ ও চশমা বিতরণ করা হয়। 

বিএনএসবি চক্ষু হাসপাতালের প্রোগ্রাম অফিসার মো. জুয়েল জানান, সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ ক্যাম্পেইনে ৩৬৭ জনকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। এর মধ্যে ৮৫ জনকে চোখের ছানি অপারেশনের জন্য চূড়ান্ত করে প্রযোজনীয় পরামর্শ ও ওষুধ দেওয়া হয়েছে। আগামী ৬ সেপ্টেম্বর সিটি করপোরেশনের সার্বিক ব্যবস্থাপনায় বিএনএসবি চক্ষু হাসপাতালে তাদের অপারেশন করা হবে।

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন জানান, অব্জল ভিত্তিক ৫টি করে ওয়ার্ড ভাগ করে পর্যায়ক্রমে সিটি করপোরেশনের ৩৩টি ওয়ার্ডে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন করা হবে। এর মধ্যে কেউ বাদ পড়লে কেন্দ্রীয়ভাবে তাদের সমন্বয় করে চক্ষু চিকিৎসা ক্যাম্পেইনের মাধ্যমে চিকিৎসা দেওয়া হবে।