বাসস
  ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:২৩

সাতক্ষীরায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ইটভাটাকে জরিমানা

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ইটভাটা মালিককে জরিমানা । ছবি: বাসস

সাতক্ষীরা, ৩ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস): জেলার কালিগঞ্জ উপজেলায় অবৈধভাবে ইটভাটার কার্যক্রম চালানোর অভিযোগে ভাটা মালিকের কাছ থেকে ২ লাখ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। 

গতকাল সোমবার (২ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার মথুরেশপুর ইউনিয়নের শীতলপুর (নাজিমগঞ্জ) এলাকায় অবস্থিত সিয়াম ব্রিকস নামের ইটভাটায় এ অভিযান চালানো হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রম্যমাণ আদালতের বিচারক মো. তাজুল ইসলাম এ অভিযান পারিচালনা করেন। 

এসময় উপস্থিত ছিলেন, পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরার সহকারী পরিচালক মো. আসাদুজ্জামান, সাতক্ষীরা আনসার ব্যাটালিয়ন (৩০বিএন)-এর নায়েক সুবেদার বাবুল হোসেনসহ অন্যান্যরা।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের শীতলপুর (নাজিমগঞ্জ) এলাকায় পরিবেশ অধিদপ্তরের অনুমোদনহীন অবৈধভাবে সিয়াম ব্রিকস ইটভাটা দীর্ঘদিন পরিচালনা করে আসছে এমন গোপন সংবাদের ভিত্তি ভ্রাম্যমাণ আদালতের একটি টিম সেখানে অভিযান চালায়। এসময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে অপরাধ প্রমাণিত হওয়ায় ইটভাটা মালিক কালিগঞ্জ উপজেলার শীতলপুর গ্রামের শামসুদ্দিন সরদারের ছেলে ইশারাত হোসেনকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

এ সময় অপরাধ স্বীকার করে তাৎক্ষণিকভাবে তিনি জরিমানার অর্থও পরিশোধ করেন। এর আগেও একই ইটভাটায় একাধিকবার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে বলে এলাকাবাসী জানায়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তাজুল ইসলাম জানান, পরিবেশ সুরক্ষা ও অবৈধ কার্যক্রম রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।