শিরোনাম

ফেনী, ৩ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস): শহরের রামপুর রাস্তার মাথায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অজ্ঞাত বাসচাপায় আহত স্কুল ছাত্র জুবায়ের হোসেন আবিরকে বাঁচানো গেলো না। দুর্ঘটনার ৬ দিন পর গতকাল সোমবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শিক্ষক ও এলাকাবাসী সূত্র জানায়, গত ২৮ জানুয়ারি বিকেলে মহিপালে বাবার দোকানে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয় আবির। পথিমধ্যে মহাসড়কে অজ্ঞাত একটি বাস তাকে চাপা দিয়ে দ্রুতগতিতে পালিয়ে যায়।
আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। অবস্থা আশংকাজনক দেখে কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রামে প্রেরণ করেন। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার (২ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে তার মুত্যু হয়।
নিহত আবির শহরের শাহীন একাডেমি স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ও পশ্চিম রামপুর এলাকার জমাদার বাড়ির জহিরুল ইসলামের পুত্র। দুই ভাই দুই বোনের মধ্যে আবির তৃতীয়। তার মৃত্যুতে শিক্ষক-সহপাঠি ও স্বজনসহ এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।