শিরোনাম

নাটোর, ১ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : চলতি মাড়াই মৌসুমে জেলায় ৫ হাজার ২৮৬ টন চিনি উৎপাদিত হয়েছে। চিনিকলে ৯৫ হাজার ১৫০ টন আখ মাড়াই করে এ পরিমাণ চিনি উৎপাদিত হয়। ৬৮ মাড়াই দিবসে চিনি আহরণের হার ৫ দশমিক ৫৫ শতাংশ। মাড়াই মৌসুম শেষে নাটোর চিনিকল কর্তৃপক্ষ এসব তথ্য জানায়।
সূত্র জানায়, গত বছরের ২১ নভেম্বর নাটোর চিনিকলের আখ মাড়াই মৌসুম শুরু হয়। এসময় ১ লাখ ১০ হাজার টন আখ মাড়াই করে জেলার এ মৌসুমের চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয় ৫ হাজার ৯৩০ টন। ৭৪ মাড়াই দিবস চিনিকল চালু রেখে চিনি আহরণের লক্ষ্যমাত্রা ছিলো ৬ দশমিক ৩০ শতাংশ।
চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ মো. আখলাছুর রহমান জানান, বিরূপ আবহাওয়া, প্রায় সাত মাস ধরে জলাবদ্ধতা এবং আখের ফলন কম হওয়ায় চিনিকলের লক্ষ্যমাত্রা পূরণ করা সম্ভব হয়নি। এই অবস্থার উত্তরণে আগামী মৌসুমে লক্ষ্য অর্জনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।