বাসস
  ০৭ জানুয়ারি ২০২৬, ১৩:৫০

ফটিকছড়িতে অধিক মূল্যে সিলিন্ডার গ্যাস বিক্রির দায়ে ২ প্রতিষ্ঠানকে জরিমানা

ফটিকছড়িতে অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রির অপরাধে দুইটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা ।ছবি: বাসস

চট্টগ্রাম, (উত্তর) ৭ জানুয়ারি, ২০২৬ (বাসস):জেলার ফটিকছড়িতে অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রির অপরাধে দুইটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার নাজিরহাট পৌরসভার আজম রোড ও ঝংকার মোড়ে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি )ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নজরুল ইসলাম।

এসময় অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে এম এস ট্রেডিং নামে একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা এবং ফাতেমা এন্টারপ্রাইজ নামক প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে সিলিন্ডার বিক্রি করায় দুটি প্রতিষ্ঠানকে অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান সমূহকে নির্ধারিত মূল্যে পণ্য বিক্রয় করার জন্য কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে।

জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।