বাসস
  ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৫

কিশোরী ধর্ষণের মামলায় যুবক আটক

ছবি : বাসস

বাগেরহাট, ৮ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নিজেকে র‌্যাব ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দিয়ে এক স্কুল ছাত্রীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলার অভিযোগ উঠেছে পারভেজ ব্যাপারী (২২) নামে এক যুবকের বিরুদ্ধে। পরে ভুয়া বিয়ের মাধ্যমে ওই কিশোরীকে দীর্ঘদিন ধর্ষণ করার অভিযোগে তাকে মোংলা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল সোমবার দুপুরে মোংলা পৌর শহরের বনফুল মিষ্টির দোকানের সামনে পুলিশের অভিযানে পারভেজ ধরা পড়েন। কাউখালী থানা পুলিশ মোংলা থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করে।

পুলিশের তথ্য মতে, পারভেজ খুলনা সদর এলাকার কয়রা ২৩ নম্বর রোডের সাখাওয়াত বেপারীর ছেলে। গোপন তথ্যের ভিত্তিতে কাউখালী থানার এসআই মহিউদ্দিন ও এএসআই খায়রুল হাসানের নেতৃত্বে অভিযান চালানো হয়।

মামলার এজাহারে বলা হয়েছে, পারভেজ অনলাইনে ও এআই প্রযুক্তির মাধ্যমে নিজের পরিচয় ও অবস্থান সম্পর্কে ভুয়া তথ্য উপস্থাপন করতেন। কখনো র‌্যাবের কর্মকর্তা, আবার কখনো সেনাবাহিনীর মেজর বা কর্নেল পরিচয়ে পিরোজপুরের ওই স্কুল ছাত্রীর সঙ্গে যোগাযোগ করেন তিনি। এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়।

অভিযোগ অনুযায়ী, বিয়ের কথা বলে এবং ভুয়া বিয়ের আয়োজন করে কিশোরীর সঙ্গে দীর্ঘদিন শারীরিক সম্পর্ক স্থাপন করেন পারভেজ। দেশের বিভিন্ন এলাকায় স্বামী-স্ত্রী পরিচয়ে তারা অবস্থান করেছেন বলেও মামলার এজাহারে উল্লেখ রয়েছে।

পরে পারভেজের পরিচয় ও কর্মকাণ্ড নিয়ে সন্দেহ দেখা দিলে বিষয়টি ভুক্তভোগীর পরিবারের সদস্যদের নজরে আসে। এরপর কিশোরীর মা নিলুফা বেগম কাউখালী থানায় ধর্ষণ মামলা করেন।

মামলা হওয়ার পর গ্রেপ্তার এড়াতে খুলনা থেকে মোংলায় চলে এসে আত্মগোপনে ছিলেন পারভেজ। মোবাইল ফোনের অবস্থান শনাক্তের মাধ্যমে তার অবস্থান নিশ্চিত করে পুলিশ।
কাউখালী থানার ওসি আনোয়ার হোসেন বাসস’কে জানান, গ্রেপ্তারের পর আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে পারভেজকে পিরোজপুরে নেয়া হয়েছে। একই ধরনের কৌশলে আরও নারীর সঙ্গে প্রতারণার অভিযোগও পাওয়া গেছে। এসব অভিযোগের সত্যতা ও ঘটনার সঙ্গে অন্য কারও সংশ্লিষ্টতা আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।