শিরোনাম

ঝিনাইদহ, ৮ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : জেলার কোটচাঁদপুরে আজ সকালে বাসের ধাক্কায় নুর ইসলাম নামের এক হোটেল শ্রমিক নিহত হয়েছেন। দুর্ঘটনার পর দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ঘাতক বাসটি। ফলে বাসটি শনাক্ত করতে পারেনি পুলিশ।
মঙ্গলবার সকাল ১০টার দিকে শহরের আম বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নুর ইসলাম শহরের কলেজ স্ট্যান্ড পাড়ার মৃত আনছার আলীর ছেলে।
পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, সকালে বাড়ি থেকে বের হয়ে কর্মস্থল হোটেলের দিকে যাচ্ছিলেন নুর ইসলাম। পথিমধ্যে কোটচাঁদপুর পৌর শহরের আম বাজার এলাকায় পৌঁছালে ঢাকাগামী দুরপাল্লার একটি বাস নুর ইসলামকে
পেছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বাসস’কে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ঘাতক বাস ও চালককে শনাক্ত করার কাজ আমরা শুরু করেছি। এ ঘটনায় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।