বাসস
  ০৭ জানুয়ারি ২০২৬, ১৩:২৩
আপডেট : ০৭ জানুয়ারি ২০২৬, ১৩:৩৭

তারেক রহমানের বগুড়ায় আগমন নিয়ে বিএনপির মতবিনিময় সভা

তারেক রহমানের আগমন উপলক্ষে মতবিনিময় সভা করেছে স্থানীয় বিএনপি। ছবি:বাসস

বগুড়া, ৭ জানুয়ারি, ২০২৬ (বাসস) : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পৈতৃক নিবাস বগুড়ায় দীর্ঘ ১৯ বছর পর আগমন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি শুরু করেছে স্থানীয় বিএনপি। 

এই সফরকে সফল ও সার্থক করতে গতকাল মঙ্গলবার বিকেলে বগুড়া সদর উপজেলা বিএনপির উদ্যোগে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শহরের মহিলা মার্কেটের ৫ম তলায় অবস্থিত টিএমএসএস কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র মো. রেজাউল করিম বাদশা।

সভায় প্রধান অতিথির বক্তব্যে রেজাউল করিম বাদশা বলেন, দেশনায়ক তারেক রহমানের বগুড়া আগমন উত্তরবঙ্গের রাজনীতিতে এক ঐতিহাসিক মুহূর্ত। তৃণমূলের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে এই সফর সফল করতে হবে।

তিনি জানান, তারেক রহমান আগামী রোববার বগুড়ায় পৌঁছাবেন এবং সেখানে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সহ-সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল। তিনি তার বক্তব্যে বলেন, নির্বাচনী আচরণবিধি মেনে অত্যন্ত সুশৃঙ্খলভাবে প্রিয় নেতাকে বরণ করে নিতে সদর উপজেলা বিএনপি প্রস্তুত রয়েছে।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন। এছাড়া সভায় সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সৈয়দ জহুরুল আলম এবং সাংগঠনিক সম্পাদক আবু সালেহ নয়নসহ উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা তারেক রহমানের আগমন ঘিরে দলীয় কার্যক্রম জোরদার, সাংগঠনিক প্রস্তুতি ও ভবিষ্যৎ নির্বাচনী কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। দীর্ঘ দেড় যুগ পর প্রিয় নেতাকে সামনে থেকে দেখার সুযোগ আসায় দলীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।