শিরোনাম

বাগেরহাট, ৭ জানুয়ারি, ২০২৬ (বাসস) : বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বাগেরহাটে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার বিকেলে শহরের শালতলা জেলাপরিষদ অডিটোরিয়ামে এ দোয়া মাহফিলের আয়োজন করে জেলা যুবদল।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বাগেরহাট-২ (সদর- কচুয়া) আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী ব্যারিস্টার শেখ মোহম্মদ জাকির হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। আল্লাহ তায়ালা যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।
জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. সুজন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি রফিকুল ইসলাম জগলু, পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মো. সুমন পাইক, সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মো. আবুল হাসান, পিসি কলেজের সাবেক ভিপি সরদার নাসির উদ্দিন লনি, জেলা ওলামা দলের সদস্য সচিব মাওলানা জাহিদুল ইসলাম প্রমুখ।
দোয়া মাহফিলে কুরআন খতম শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য বিশেষ মোনাজাত করা হয়। এতে জেলা যুবদলের দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন।
রাতে দেশনেত্রী খালেদা জিয়ার কর্মময় জীবনের উপর বিশেষ প্রামান্য চিত্র প্রদর্শিত হয়। খালেদা জিয়ার মৃত্যতে ৭ দিনব্যাপী শোক ধারাবাহিকভাবে আলোচনা সভা, পবিত্র কুরআন খানি, মিলাদ মাহফিল, এতিমদের মধ্যে খাবার বিতরণ ও বিশেষ দোয়া ও প্রার্থনার মাধ্যমে সমাপ্ত হয়।