শিরোনাম

খাগড়াছড়ি, ৬ জানুয়ারি, ২০২৬ (বাসস) : খাগড়াছড়িতে দুর্গম পাহাড়ি অঞ্চলে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করেছে বিজিবি।
এ সময় অবৈধ পুশ ইন ও চোরাচালান প্রতিরোধে বিজিবিকে সহায়তা করাসহ আসন্ন তীর্থমূখ মেলা (পৌষ সংক্রান্তি) উপলক্ষে অবৈধভাবে সীমান্ত অতিক্রম না করার আহ্বান জানানো হয়।
আজ মঙ্গলবার সকালে খাগড়াছড়ির পানছড়ির দুর্গম সীমান্তবর্তী এলাকাসহ খাগড়াছড়ি সদর উপজেলার ৩শ’ দুস্থ শীতার্ত পরিবারের মধ্যে এসব কম্বর বিতরণ করেন বিজিবি খাগড়াছড়ির সেক্টর কমান্ডার কর্নেল মো. আব্দুল মোত্তাকিম।
বিজিবি’র জনসংযোগ শাখা জানায়, খাগড়াছড়ি ব্যাটালিয়নের (৩২ বিজিবি) ব্যবস্থাপনায় সেক্টর কমান্ডার কর্নেল আব্দুল মোত্তাকিমের সভাপতিত্বে পানছড়ি উপজেলার লোগাং ইউনিয়নের সীমান্তবর্তী ডাইনচন্দ্রবাড়ী এলাকায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় কর্নেল আব্দুল মোত্তাকিম এবং খাগড়াছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক (৩২ বিজিবি) লেফটেন্যান্ট কর্নেল কামরান কবির উদ্দিন অবৈধ পুশইনের বিষয়ে সচেতন হতে ও চোরাচালান প্রতিরোধে বিজিবিকে সর্বাত্মক সহায়তা করাসহ আসন্ন তীর্থমূখ মেলা (পৌষ সংক্রান্তি) উপলক্ষে অবৈধভাবে সীমান্ত অতিক্রম না করার জন্য আহ্বান জানান। এছাড়া আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে স্বতস্ফূর্তভাবে ও নির্বিঘ্নে ভোট প্রদানের জন্য সকলকে উৎসাহ প্রদান করেন।
শেষে দুর্গম এলাকাটির শীতার্ত, অসহায়, হতদরিদ্র ও দুস্থ ৩শ’ পরিবারের মধ্যে কম্বল বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ শেষে ‘বিজিবি সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক’ এই বিশ্বাসকে ধারণ করে এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখতে এ ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশ্বস্থ করেন খাগড়াছড়ির সেক্টর কমান্ডার।