শিরোনাম

বগুড়া, ৩ জানুয়ারি, ২০২৬ (বাসস) : জেলার আদমদীঘির অদুরে নওগাঁগামী একটি বাসের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশা উল্টে দুই যাত্রী নিহত ও একজন আহত হয়েছে।
আজ শনিবার সকাল সোয়া ৮টয় বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘির পুর্ব ঢাকা রোডের বড় আখিড়ার মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো, বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার আরজিপাাড়া আচলাই গ্রামের তফছের আলী প্রামাণিকের ছেলে রফিকুল ইসলাম (৪২) ও তার ভাতিজা একই গ্রামের হাজি আব্দুল হামিদ মোল্লার ছেলে রাসেল মোল্লা (৩৫) এবং আহত একই গ্রামের ফজলুল প্রামানিকের ছেলে মিজু আহম্মেদ (২৪)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকালে বগুড়ার শিবগঞ্জ থেকে একটি সিএনজি চালিত অটোরিকশা যোগে তিনজন যাত্রী নিয়ে মান্দা উপজেলার দেলুয়াবাড়ি হাটে যাচ্ছিল। প্রচন্ড কুয়াশায় ঢাকা ছিল সড়ক। অটোরিকশাটি আদমদীঘির বড়আখিড়া মোড় নামক স্থানে পৌঁছালে, নওগাঁগামী অজ্ঞাত একটি বাস অটোরিকশাটিকে পিছন দিক থেকে ধাক্কা দিলে অটোরিকশাটি উল্টে দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই যাত্রী রফিকুল ইসলাম ও তার ভাতিজা রাসেল মোল্লা নিহত ও মিজু আহমেদ আহত হয়।
খবর পেয়ে স্থানীয় জনতা ও আদমদীঘির ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।
আদমদীঘি থানায় অফিসার ইনচার্জ(ওসি) আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতদের আত্মীয় স্বজনরা মামলা না করায় লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অস্বাভাবিক মৃত্যু (ইউডি) মামলা হয়েছে।