বাসস
  ২১ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৪৭

নোয়াখালী জেনারেল হাসপাতালে অভিযান, ৭ দালালকে কারাদণ্ড

আটক ৭ দালালকে কারাদণ্ড । ছবি: বাসস

নোয়াখালী, ২১ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে অভিযান চালিয়ে ৭ দালাল আটক করেছে র‌্যাব। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে।

আজ রোববার সকাল ৮ টা থেকে দুপুর ১১ টা পর্যন্ত এ অভিযান চালানো হয়। র‌্যাব-১১, সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুন্ডু অভিযানের নেতৃত্ব দেন।

আটককৃতরা হলো- মিলন (৩৫), রতন (৩৮), হারুন (৩৫), সজিব (২৫), স্বপন (৪৪), মাসুদ (৪৫) ও আকরাম হোসেন (২৫)।

অভিযান সূত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে হাসপাতলে দালালদের দৌরাত্মে সব হারিয়ে নিঃস্ব হন চিকিৎসা নিতে আসা রোগীরা, এমন অভিযোগের ভিত্তিতে র‌্যাবের পক্ষ থেকে এ অভিযান পরিচালনা করা হয়। 

ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহরাব হোসাইন জানান, হাসপাতালে দালালদের দৌরাত্মে রোগীদের সেবা সংকটের অভিযোগটি দীর্ঘদিনের। আজ র‌্যাবের অভিযানে আটককৃতদের তথ্য প্রমাণের ভিত্তিতে বিভিন্ন মেয়াদে কারাণ্ড দেয়া হয়েছে।

র‌্যাব-কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুন্ডু জানান, রোগীদের চিকিৎসা সেবার স্বার্থে ভবিষ্যতেও এধরণের অভিযান অব্যাহত থাকবে।