বাসস
  ১১ মে ২০২৬, ১২:১০

নাটোরে গাছ থেকে আম-লিচু আহরণের সময়সূচি প্রকাশ

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ফল সংগ্রহ, সংরক্ষণ ও বিপণন সংক্রান্ত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আসমা শাহীন।ছবি: বাসস

নাটোর, ১১ মে, ২০২৬, (বাসস): রাসায়নিকমুক্ত নিরাপদ ফল নিশ্চিত করতে জেলায় গাছ থেকে আম ও লিচু আহরণের সময়সূচি প্রকাশ করা হয়েছে।

আজ সোমবার সকাল দশটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ফল সংগ্রহ, সংরক্ষণ ও বিপণন সংক্রান্ত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আসমা শাহীন।

সভায় জেলা প্রশাসক বলেন, গাছ থেকে ফল সংগ্রহ, বিপনন ও পরিবহনের সকল প্রকার প্রতিবন্ধকতা নিরসন
করে ক্রেতা পর্যায়ে নিরাপদ ফল নিশ্চিত করতে জেলা প্রশাসন বদ্ধপরিকর। 

উপজেলা প্রশাসন এই লক্ষ্য বাস্তবায়নে আম ও লিচু উৎপাদক, আম ব্যবসায়ী এবং পরিবহন ব্যবসায়ীদের সঙ্গে নিরবচ্ছিন্ন যোগাযোগ অব্যাহত রাখবে। জনস্বাস্থ্য নিশ্চিত করতে বাগানে কেমিকেলমুক্ত ফল প্রাপ্তিতে প্রশাসনিক নজরদারীও অব্যাহত থাকবে।

জেলা প্রশাসক আরও বলেন, আমাদের সন্তানের পুষ্টি নিশ্চিত করে মেধাবী জাতি গঠনের লক্ষ্যে ক্ষতিকর রাসায়নিক পরিহার করতে হবে। এক্ষেত্রে জনগণের স্বার্থ চিন্তা মাথায় রাখতে হবে, ধর্মীয় অনুশাসন মেনে চলতে হবে।

কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক মো. হাবিবুল ইসলাম খান জানান, রাসায়নিক পদার্থের অপব্যবহার রোধ করে পরিপক্ক ফল প্রাপ্তি, দীর্ঘ সময় ফল সংরক্ষণ, কষের মাধ্যমে পচন রোধ এবং পরবর্তীতে গাছে কুশি বের হওয়ার জন্যে বোটাসহ আম পাড়তে পরামর্শ দিয়ে যাচ্ছে কৃষি বিভাগ। ব্যাগিং পদ্ধতি অনুসরণ করে নিরাপদ আম প্রাপ্তির পরামর্শও দেওয়া হয়েছে।

সময়সূচি অনুসারে আগামী ১৫ মে থেকে আটির আম, ২৫ মে থেকে গোপালভোগ, ৩০ মে থেকে রাণী পছন্দ ও ক্ষিরসাপাত, ৫ জুন থেকে লক্ষণভোগ, ১৫ জুন থেকে ল্যাংড়া ও আম্রপালি, ২৫ জুন থেকে মোহনভোগ ও হাড়িভাঙ্গা, ৩০ জুন থেকে ফজলী, ৫ জুলাই থেকে মল্লিকা, ১৫ জুলাই থেকে বারি-৪, ২০ জুলাই থেকে আশ্বিনা এবং ১০ আগস্ট থেকে গৌরমতি।

এছাড়া সভায় ১৭ মে থেকে মোজাফফর জাতের লিচু এবং ২৫ মে থেকে বোম্বাই ও চায়না-৩ জাতের লিচু আহরণের সময়সূচি প্রণয়ন করা হয়।

নাটোর জেলায় চলতি বছরে চার হাজার ৮৮৭ হেক্টর লিচু বাগান থেকে সাত হাজার ৫৪০ টন লিচু এবং পাঁচ হাজার ৬৯৩ হেক্টর আম বাগান থেকে ৬৮ হাজার ৩১৬ টন আম আহরণ হবে বলে আশা করা হচ্ছে।