বাসস
  ১১ মে ২০২৬, ১২:২৬

নিকলীতে ধান শুকাতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

প্রতীকী ছবি

কিশোরগঞ্জ, ১১ মে, ২০২৬, (বাসস): জেলার নিকলী উপজেলায় বজ্রপাতে মো. মতিউর রহমান (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

আজ সোমবার সকালে নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহানা মজুমদার মুক্তি বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গতকাল রোববার বিকেলে উপজেলার সিংপুর ইউনিয়নের ডুবি গ্রামের বরবান্দ এলাকায় এ ঘটনা ঘটে।

মতিউর রহমান ওই গ্রামের মৃত মিছির উদ্দিনের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, কৃষক মতিউর রহমান গতকাল রোববার বিকেলে বাড়ির অদূরে বরবান্দ এলাকায় খোলা মাঠে বোরোধান শুকানোর কাজ করছিলেন। বিকেল ৪টার দিকে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বজ্রপাত শুরু হয়। এ সময় একটি শক্তিশালী বজ্রপাত সরাসরি তার ওপর পড়লে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহানা মজুমদার মুক্তি জানান, বজ্রপাতে কৃষকের মৃত্যুর বিষয়টি অত্যন্ত দুঃখজনক। 

ইউএনও আরও জানান, সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ও শোকসন্তপ্ত পরিবারটিকে দ্রুত আর্থিক সহায়তা প্রদান করা হবে।