বাসস
  ১১ মে ২০২৬, ১৩:৪০

রংপুরে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় দুইজন আটক

প্রতীকী ছবি

রংপুর, ১১ মে, ২০২৬, (বাসস): জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে রাস্তার ওপর মালামাল রেখে অবৈধভাবে বিক্রি করার অভিযোগে দুইজনকে আটক করেছে ডিবি পুলিশ।

গতকাল রোববার সন্ধ্যায় মহানগরীর কোতোয়ালি থানাধীন পায়রা চত্বর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। 

আটকরা হলেন মো. রিয়াজুল জান্নাত দিনার (২৬) ও মো. বুলু মিয়া (৩৫)। উভয়েই রংপুর মহানগরীর নিউ জুম্মাপাড়া পাকার মাথা এলাকার বাসিন্দা।

রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী জানান, বাটা জুতার শো-রুমের সামনে পাকা রাস্তার ওপর মালামাল রেখে তারা বিক্রয় পরিচালনা করছিলেন, যা জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছিল।

রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদের নির্দেশনায় মহানগরীর আইন-শৃঙ্খলা রক্ষা, জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত এবং ফুটপাত ও সড়ক দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।