শিরোনাম

সাতক্ষীরা, ২১ সেপ্টেম্বর ২০২৫ (বাসস) : সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের নদ-নদী থেকে শামুক ধরলেই আইনগত ব্যবস্থা নেবে বনবিভাগ। গতকাল শনিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় সুন্দরবন উপকূলীয় অঞ্চলে মাইকিং করে এই সতর্ক বার্তা প্রচার করা হয়।
জানা গেছে, সংঘবদ্ধ একটি চক্র জেলেদের মাধ্যমে সুন্দরবনের নদ-নদী থেকে শামুক-ঝিনুক ধরে তা বিভিন্ন দেশে পাচার করে আসছিল। এদিকে শামুক নিধনের কারণে সুন্দরবনের জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে।
বনবিভাগের সাতক্ষীরা রেঞ্জ কর্মকর্তা এ কে এম ফয়জুল হক বলেন, সুন্দরবন জীববৈচিত্র্য সমৃদ্ধ একটি সংরক্ষিত এলাকা। এখানে সবকিছু প্রাকৃতিক নিয়মে ঘটে। যেখানে মানুষের কোনো হাত নেই। কিন্তু মানুষ যদি কারণে অকারণে সুন্দরবনের প্রাণী নিধন করে তা সুন্দরবনের জীববৈচিত্র্য ধ্বংস করবে। এতে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতি হবে। মানবজাতিও চরম দুর্ভোগের শিকার হবে।
তিনি সুন্দরবনের জীব বৈচিত্র্য রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, শামুক পরিবেশের ভারসাম্য রক্ষা করে। এটা ধরা আইনত সম্পূর্ণ নিষিদ্ধ। কেউ যদি শামুক-ঝিনুক ধরে তাহলে তাকে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি দেওয়া হবে।