শিরোনাম

ঢাকা, ১২ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে পাঁচ দিনব্যাপী ‘উদ্যোক্তা উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে।
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) প্রশিক্ষণ প্রতিষ্ঠান বিসিক ট্রেনিং ইনস্টিটিউট (বিটিআই) এবং রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে সিরাজগঞ্জে আজ প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক তাহ্মিনা আখতার।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুস সোবহান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর হোসাইন।
বিসিক ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ ও বিসিকের মহাব্যবস্থাপক (পরিকল্পনা ও গবেষণা) ড. মো. ফরহাদ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান জান্নাতুল মাওয়া মুন, বাংলা বিভাগের চেয়ারম্যান মো. জাবেদ ইকবাল, ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) প্রশান্ত কুমার পোদ্দার, ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক (সিএসই) মো. তারিকুল ইসলাম, সংগীত বিভাগের প্রভাষক বাবুল হোসেন এবং অর্থনীতি বিভাগের প্রভাষক একরামুল হাসান উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণ অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক বাস্তবতায় টেকসই উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে উদ্যোক্তা উন্নয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে উদ্যোক্তা মানসিকতা, উদ্ভাবনী চিন্তাশক্তি ও ব্যবসায়িক দক্ষতা গড়ে তুলতে পারলে একটি সক্ষম ও আত্মনির্ভরশীল তরুণ প্রজন্ম তৈরি করা সম্ভব।
তারা বলেন, ‘চাকরি খোঁজার পাশাপাশি চাকরি সৃষ্টির মানসিকতা’ গড়ে তোলার মাধ্যমে শিক্ষার্থীদের সম্ভাবনাময় উদ্যোক্তা হিসেবে প্রস্তুত করাই এ প্রশিক্ষণ কর্মসূচির অন্যতম লক্ষ্য। এ উদ্দেশ্যে বিসিক দীর্ঘদিন ধরে দেশব্যাপী উদ্যোক্তা উন্নয়ন কার্যক্রম পরিচালনা করে আসছে।
আগামী ১৬ সেপ্টেম্বর পর্যন্ত চলা এ কর্মসূচিতে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ব্যবসায়িক পরিকল্পনা প্রণয়ন, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ ব্যবস্থাপনা, বিপণন কৌশল, আর্থিক ব্যবস্থাপনা, নেতৃত্ব উন্নয়ন এবং সফল উদ্যোক্তা হওয়ার বিভিন্ন ব্যবহারিক ও কারিগরি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।
রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ও বিসিকের এ যৌথ উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে উদ্যোক্তা সংস্কৃতির বিকাশ এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করেন বক্তারা।