শিরোনাম

যশোর, ১২ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : জেলায় দিনব্যাপী চাকরি মেলায় প্রায় ১০ হাজার চাকরিপ্রার্থীর সমাগম ঘটেছে।
মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির (এমআরএ) আয়োজনে আজ শনিবার সকাল সাড়ে ৯টায় যশোর পিটিআই চত্বরে এ মেলার উদ্বোধন করেন এমআরএর এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. হেলাল উদ্দীন।
মেলায় পাঁচ শতাধিক কর্মী নিয়োগের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। ক্ষুদ্রঋণ বিতরণকারী ৩৬টি বেসরকারি উন্নয়ন সংস্থা মেলায় স্টল দেয়।
প্রার্থীরা পছন্দের প্রতিষ্ঠানে সিভি জমা দেন, অনেকে সরাসরি নিয়োগপত্রও পেয়েছেন। বাকিদের নিয়োগ পরে চূড়ান্ত হবে বলে জানিয়েছেন আয়োজকরা।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমআরএর নির্বাহী পরিচালক নূরে আলম মেহেদী, পরিচালক আবদুল মান্নান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ, আরআরএফের প্রধান নির্বাহী ফিলিপ বিশ্বাস, জাগরণী চক্র ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মেরিনা আক্তার ও আর্স বাংলাদেশের নির্বাহী পরিচালক শামসুল আলম।