বাসস
  ১২ সেপ্টেম্বর ২০২৬, ২০:০৮

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ১

ছবি : বাসস

চট্টগ্রাম, ১২ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : জেলার ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমনের সহযোগী মো. মোবারক হোসেন ওরফে টেস্টার মোবারককে (৩২) গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার রাতে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের মানিকপুর এলাকার একটি টং ঘরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কাঞ্চননগর ইউনিয়নের মানিকপুর গ্রামের চাইল্লাতলী কাশেম চেয়ারম্যানের টিলা (শফির টিলা) এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি টং ঘরে বসে সংঘবদ্ধ একটি দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে দলের অন্য সদস্যরা গভীর জঙ্গলে পালিয়ে গেলেও মোবারক হোসেনকে গ্রেফতার করা হয়।

অভিযানে মোবারকের কাছ থেকে দু’টি কাঠের বাটযুক্ত ধারালো তরবারি, একটি স্টিলের হাতলযুক্ত দা, একটি কাঠের বাটযুক্ত দা, একটি লোহার শাবল, একটি ধারালো ছুরি, একটি ধারালো ধামা, একটি ধারালো দা, একটি এসএস পাইপ ও একটি লোহার রড উদ্ধার করা হয়।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান জানান, টেস্টার মোবারক জেলার অন্যতম শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের অন্যতম সহযোগী। তার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের একাধিক অভিযোগ রয়েছে।

তিনি বলেন, এ ঘটনায় মোবারকসহ পলাতক আসামিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। পলাতকদের গ্রেফতার এবং সংঘবদ্ধ ডাকাত চক্রের অন্য সদস্যদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।