বাসস
  ১২ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৪৫

২৬ সেপ্টেম্বর থেকে সারাদেশে হামের ভ্যাকসিন কার্যক্রম শুরু হবে : স্বাস্থ্যমন্ত্রী

ছবি : বাসস

নারায়ণগঞ্জ, ১২ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : আগামী ২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ব্যাপক পরিসরে হামের ভ্যাকসিন কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

তিনি বলেন, আগামী ২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ব্যাপক আকারে হাম প্রতিরোধে ভ্যাকসিন কার্যক্রম শুরু হবে। হাম থেকে শিশুদের সুরক্ষায় নিয়মিত ভ্যাকসিন কার্যক্রমও অব্যাহত রাখা হবে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ নারায়ণগঞ্জের রূপগঞ্জ পাড়াগাঁও ঈদগাহ মাঠে উপজেলা বিএনপি এবং রূপগঞ্জ বেসরকারি হাসপাতাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাখাওয়াত হোসেন বলেন, হাম আক্রান্ত যেসব শিশু হাসপাতালে ভর্তি হচ্ছে, তাদের বেশিরভাগই ভ্যাকসিন নেয়নি। তাই শিশুদের হাম থেকে সুরক্ষায় ভ্যাকসিন দেওয়ার কোনো বিকল্প নেই। 

বিগত সরকার কোনো ভ্যাকসিন রেখে যায়নি জানিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্বে মাত্র ২১ দিনের মধ্যে দুই কোটি ভ্যাকসিন সংগ্রহ করা হয়েছে এবং ৬ থেকে ৫৯ মাস বয়সি দুই কোটি শিশুকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। সবার জন্য সুস্বাস্থ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর অঙ্গীকার বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর।

হাম প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে আগেও হাম হয়েছে। তবে বর্তমানে পুষ্টির ঘাটতির কারণে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে শিশুমৃত্যুর ঘটনা ঘটছে। এ পরিস্থিতিতে শিশুদের সুরক্ষায় ভ্যাকসিন দেওয়ার গুরুত্ব অনেক। কোনো শিশু যেন হঠাৎ করে রোগাক্রান্ত না হয়, সেজন্য নিয়মিত ভ্যাকসিন কার্যক্রম অব্যাহত রাখা হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য মঞ্জুর এলাহী, নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য প্রকৌশলী মো. আশরাফ উদ্দিন বকুল, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম, মহিলা আসন-৩২৮-এর সংসদ সদস্য মমতাজ আলো এবং নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদসহ স্থানীয় নেতৃবৃন্দ।