শিরোনাম

নীলফামারী, ১২ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : জেলায় তিন মাসব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।
আজ শনিবার সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের আনুষ্ঠানিক উদ্বোধনের পর জেলায় এ অভিযান শুরু হয়।
জেলা শহরের কালিতলায় অবস্থিত মশিউর রহমান ডিগ্রি কলেজ চত্বরে তিন মাসব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খাঁন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সাইদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুজহাত তাসনীম আওনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসের লক্ষ্যে এ কর্মসূচি শুরু করা হয়।
জেলা প্রশাসনের আয়োজনে এ কর্মসূচিতে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, স্কাউট সদস্য, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও সুধীজনেরা অংশগ্রহণ করেন।