বাসস
  ১১ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৫৫

জাজিরায় মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

ছবি: বাসস

শরীয়তপুর, ১১ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস): শরীয়তপুরের জাজিরায় নানা আয়োজনে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ উদযাপিত হয়েছে।

শুক্রবার সকাল ১০টায় জাজিরা উপজেলা চত্বরে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত জাজিরা উপজেলা মহিলা দলের সভানেত্রী রুমা হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর-১ সংসদ সদস্য সাঈদ আহমেদ। 

নাসরিন সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠানে সংসদ সদস্য সাঈদ আহমেদ বলেন, দেশের গণতান্ত্রিক আন্দোলন ও রাজনৈতিক কর্মকাণ্ডে নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ আরও বাড়াতে হবে। তিনি বলেন, মহিলা দলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করতে নেতা-কর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে। দেশের মানুষের অধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় নারী সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সভাপতির বক্তব্যে রুমা হামিদ প্রতিষ্ঠাবার্ষিকীতে উপস্থিত সকল নেতা-কর্মী ও সমর্থকদের ধন্যবাদ জানান। তিনি সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠান সঞ্চালক নাসরিন সুলতানা রুবি বলেন, দীর্ঘ পথচলায় মহিলা দল দেশের রাজনৈতিক অঙ্গনে নারীদের অংশগ্রহণ ও নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। আগামী দিনেও সংগঠনের নেতা-কর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে জাজিরা উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দসহ জাতীয়তাবাদী মহিলা দলের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।