বাসস
  ১১ সেপ্টেম্বর ২০২৬, ১৯:০০

চাঁপাইনবাবগঞ্জে বন্যা দুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ

ছবি: বাসস

চাঁপাইনবাবগঞ্জ, ১১ সেপ্টেম্বর ২০২৬ (বাসস): জেলায় আজ শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্থ ৪৬৬টি পরিবারের মধ্যে ত্রাণ হিসেবে চাল বিতরণ করা হয়েছে।

আজ শুক্রবার দুপুরে স্থানীয় পাঁকা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ করেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় এ সময় প্রত্যেক পরিবারকে ১৫ কেজি করে মোট ১১ মেট্রিক টন চাল বিতরণ করা হয়। পাশাপাশি বন্যাদুর্গত মানুষের জন্য খাবার স্যালাইন, সুপেয় পানি ও শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে।

এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান, পাঁকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক প্রমুখ উপস্থিত ছিলেন। 

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা যায়, উজানের ঢল ও পদ্মা নদীর পানি বৃদ্ধিতে চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার ছয়টি ইউনিয়নের নদী তীরবর্তী চর ও নিম্নাঞ্চলের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে।