বাসস
  ১১ সেপ্টেম্বর ২০২৬, ১৯:০৫

সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ

ছবি: বাসস

সাতক্ষীরা, ১১ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : সাতক্ষীরা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে। সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার কুশখালি, কাঁকডাঙ্গা ও মাদরা বিওপি’র আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে শুক্রবার এসব মালামাল জব্দ করা হয়। জব্দ মালামালের মধ্যে রয়েছে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ, কসমেটিক্স, জিরা, কাজুবাদাম ও মদ।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কুশখালি বিওপি’র বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার চৌরঙ্গী নামক স্থান হতে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ, কাঁকডাঙ্গা বিওপি’র বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার ভাদিয়ালি নামক স্থান হতে ভারতীয় মদ জব্দ করে।

এছাড়া, মাদরা বিওপি’র বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার বারেকের মোড় নামক স্থান হতে ভারতীয় কসমেটিক্স, জিরা ও কাজুবাদাম জব্দ করে।

জব্দ মালামালের সর্বমোট বাজার মূল্য ২ লাখ ৫ হাজার ৭৭৮ টাকা। তবে, বিজিবি’র উপস্থিতি টের পেয়ে চোরা কারবারিরা মালামাল ফেলে পালিয়ে যাওয়ায় তারা তাদের আটক করা সম্ভব হয়নি। 

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান বিষয়টি বাসস’কে নিশ্চিত করে জানান, জব্দ ভারতীয় মালামাল গুলো সাতক্ষীরা কাস্টমসে জমা দেয়া হয়েছে। এছাড়া, মাদকদ্রব্যসমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরী করে পরবর্তীতে জনসম্মুখে ধংসের নিমিত্তে বিজিবি ষ্টোরে জমা রাখা হয়েছে।