শিরোনাম

দিনাজপুর, ১১ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : জেলার খানসামা উপজেলায় অবৈধভাবে রাসায়নিক সার মজুতের অভিযোগে ৩ টি গুদামে অভিযান চালিয়ে প্রশাসন ১ হাজার ৫৭৭ বস্তা সার উদ্ধার করেছে।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আজ ৩টি গুদামের মালিককের কাছ থেকে ১ লক্ষ ৪০টাকা জরিমানা আদায় করেছে। একই সাথে গুদামগুলো সিলগালা করা হয়েছে।
শুক্রবার বিকাল সাড়ে ৪টায় এবং গতকাল বৃহস্পতিবার রাতে জেলার খানসামা উপজেলার টংগুয়া বাজার ও পাকেরহাটে, ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পৃথক ৩টি অভিযান পরিচালনা করা হয়।
আজ শুক্রবার বিকাল ৫টায় দিনাজপুর খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান এই তথ্য বাসস’কে নিশ্চিত করেন।
ভ্রাম্যমাণ আদালত জানায়, জেলার খানসামা টংগুয়া বাজারে বিসিআইসি অনুমোদিত সার ডিলার প্রতিষ্ঠান ‘মেসার্স আসাদুজ্জামান ট্রেডার্স’-এ অনুমোদনহীন সার মজুতের অভিযোগে আজ শুক্রবার বিকাল ৪টায় অভিযান চালানো হয়। এ সময় প্রতিষ্ঠানটির গুদাম থেকে ২০৭ বস্তা রাসায়নিক সার জব্দ করা হয়। এরমধ্যে ৯৪ বস্তা ডিএপি, ৫৫ বস্তা ইউরিয়া ও ৫৮ বস্তা এমওপি সার রয়েছে।
সূত্র জানায়, সার ডিলার আসাদুজ্জামান দীর্ঘদিন ধরে ঢাকায় অবস্থান করছেন। তাঁর অনুপস্থিতিতে নজরুল ইসলাম নামের একজন তার পক্ষে ডিলারের কার্যক্রম পরিচালনা করছিলেন। অভিযানে অবৈধভাবে সার মজুতের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, একই দিন দুপুর আড়াই টায় উপজেলার পাকেরহাটে ‘মেসার্স মহাদেব ট্রেডার্স’-এর গুদামে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। প্রতিষ্ঠানটির মালিক বিএডিসি’র নিবন্ধিত সার ডিলার মহিতোষ চন্দ্র চন্দ। নির্ধারিত সীমার বাইরে সার মজুত করে রাখার অভিযোগে অভিযান চালানো হয়।
অভিযানে গুদাম থেকে ৪৫০ বস্তা সার উদ্ধার করা হয়। এরমধ্যে নোয়াপাড়া গ্রুপের ক্রয় করা ৩শ’ বস্তা এমওপি, বিএডিসি গ্রুপের ৫০ বস্তা এমওপি এবং ১শ’ বস্তা ডিএপি সার রয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মহিতোষ চন্দ্র চন্দকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সাথে গুদামটি সিলগালা করে দেয়া হয়।
দিনাজপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আদনান কবির উদয় এবং খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুজ্জামান সরকারের নেতৃত্বে অভিযানটি পরিচালনা করা হয়েছে। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তারসহ থানা পুলিশ ও কৃষি বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অপরদিকে গতকাল বৃহস্পতিবার রাত ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত খানসামা উপজেলার পাকেরহাটে ‘মেসার্স রনি ট্রেডার্স’ নামের ওই ডিলারের গুদামে অভিযান চালিয়ে ৯২০ সার বস্তা জব্দ করা হয়।
সূত্র জানায়, পাকেরহাটে অবস্থিত ‘মেসার্স রনি ট্রেডার্স’-এর মালিক মোজাহারুল ইসলাম বিএডিসি’র নিবন্ধিত সার ডিলার। তার গুদামে নির্ধারিত নিয়ম না মেনে অতিরিক্ত সার মজুত করে রাখা হয়। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি বিভাগের সমন্বয়ে যৌথভাবে অভিযান চালানো হয়।
অভিযানে গুদামে থাকা সার গণনা করে মোট ৯২০ বস্তা সার পাওয়া যায়। এরমধ্যে ২৬০ বস্তা এমওপি এবং ৬৬০ বস্তা ডিএপি সার রয়েছে। অবৈধভাবে সার মজুত রাখার অভিযোগে তার কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুজ্জামান সরকার এবং জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনোয়ার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অয়ন ফারহান শামস ও উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তার।
জেলার খানসামা উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, সার মজুত ও বিক্রির ক্ষেত্রে নির্ধারিত নিয়ম মেনে চলতে ডিলারদের একাধিকবার সতর্ক করা হয়েছে। এরপরও অনুমোদনের বাইরে সার সংরক্ষণ করায় কৃষকদের স্বার্থে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে।
জেলার খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান সরকার জানান, প্রশাসনের অভিযানে জব্দ সার আগামীকাল স্থানীয় কৃষকদের কাছে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করা হবে। বিক্রয়লব্ধ সমুদয় অর্থ সরকারি কোষাগারে জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।