শিরোনাম

পাবনা, ১১ সেপ্টেম্বর ২০২৬ (বাসস): জেলার সদর উপজেলায় আজ জলাভূমির পানিতে ডুবে সুমি খাতুন (৭), খালিদ হোসেন (৮) ও আফিয়া খাতুন (৬) নামের তিন শিশুর মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার দুপুর দেড়টার দিকে সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের নবীন বাজার এলাকার দাশপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত শিশু সুমি খাতুন সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের দাশপাড়া গ্রামের শিমুল মল্লিকের মেয়ে। অপর দুই মৃত শিশু খালিদ হোসেন ও তার বোন আফিয়া খাতুন একই গ্রামের মো. আশরাফুল ইসলামের সন্তান। মৃত তিন শিশু স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থী ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের নবীন বাজার এলাকার দাশপাড়া গ্রামে বাড়ির পাশের জলাভূমিতে বর্ষার পানিতে গোসল করতে নামে তিন শিশু সুমি খাতুন, খালিদ হোসেন ও আফিয়া খাতুন। একপর্যায়ে একটি শিশু পানিতে তলিয়ে যায়। তাকে উদ্ধার করতে গিয়ে পরপর আরও দু’জন পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা তিন শিশুকে উদ্ধার করে নিকটবর্তী সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।
পানিতে ডুবে তিন শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।