বাসস
  ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৫৯
আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৭:২০

গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১ ব্যক্তির মৃত্যু

গোপালগঞ্জ, ৯ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : জেলার কাশিয়ানী উপজেলায় আজ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবুল বশার মিনা (৫৫) নামের একব্যক্তির মৃত্যু হয়েছে। 

আজ বুধবার সকাল ৯টার দিকে উপজেলার পিংগলিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে। 

মৃত আবুল বশার মিনা জেলার কাশিয়ানী উপজেলায় পিংগলিয়া গ্রামের বাবু মিনার ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আবুল বশার মিনা মাঠে কৃষি কাজ শেষ করে বাড়ি ফেরার পর শুকানোর জন্য কাপড় নাড়তে উঠানে টানানো জিআই তারে হাত দিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। ওই জিআই তারে বিদ্যুৎ সংযোগের বিষয়টি পরিবারের সদস্যদের অজ্ঞাত ছিল। পরে পরিবারের লোকজন আবুল বশর মিনাকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

বিষয়টি নিশ্চিত করে কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্র্তা (ওসি) মো. মাহফুজুর রহমান জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।