বাসস
  ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩:০৩

নড়াইলে জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

ছবি : বাসস

নড়াইল, ৯ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : ‘চেতনায় নারী, বিপ্লবে নারী গণতন্ত্র ফেরাতে আমরাই পারি’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে বর্ণাঢ্য আয়োজনে আজ বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

বুধবার বেলা সাড়ে ১১টায় নড়াইল জেলা, সদর উপজেলা ও পৌর মহিলা দলের যৌথ উদ্যোগে জেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

নড়াইল জেলা মহিলা দলের সভাপতি শিরিন জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল সদর উপজেলা বিএনপি’র সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলোক, জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক খন্দকার এজাজুল হাসান বাবু, অ্যাড. মাহবুব মুর্শেদ (জাপল) এবং নগর বিএনপি’র সাধারণ সম্পাদক খন্দকার ফশিয়ার রহমান।

অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক সালেহা বেগম।

জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলোক বলেন, ‘দেশের প্রতিটি গণতন্ত্র পূনরুদ্ধারের আন্দোলন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এবং মানুষের ন্যায্য অধিকার আদায়ের সংগ্রামে নারীরা কখনো পিছিয়ে থাকেনি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গড়া এই মহিলা দল চিরকাল দেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার পাহারাদার হিসেবে কাজ করছে। তৃণমূল পর্যায় থেকে সংগঠনকে শক্তিশালী ও সুসংগঠিত করতে নারীদের ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

আলোচনা সভা শেষে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের উত্তরোত্তর উন্নতি, স্থায়িত্ব ও সাফল্য এবং দেশ ও জাতির সার্বিক কল্যাণ, শান্তি ও সম্মৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।