শিরোনাম

সিলেট, ৮ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : বিদেশগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার নামে প্রতারণা, রক্তের নমুনা সংগ্রহ ছাড়াই ভুয়া ফিটনেস রিপোর্ট প্রদান এবং নির্ধারিত ফি’র অতিরিক্ত অর্থ হাতিয়ে নেওয়ার মারাত্মক অপরাধে সিলেট নগরীর ‘হিলভিউ মেডিক্যাল সেন্টার’কে ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ নগরীর আম্বরখানা এয়ারপোর্ট রোড এলাকায় অবস্থিত ওই প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে এ প্রশাসনিক জরিমানা আদায় করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আরিফ মিয়া।
অভিযান শেষে সহকারী পরিচালক মোহাম্মদ আরিফ মিয়া জানান, বিদেশগামীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য সরকার নির্ধারিত ফি ৮ হাজার ৫০০ টাকা। তবে হিলভিউ মেডিক্যাল সেন্টার নিয়মবহির্ভূতভাবে রোগীপ্রতি ১২ হাজার ৫০০ টাকা করে আদায় করছিল—এমন অভিযোগের সত্যতা অনুসন্ধানে আজ সেখানে অভিযান চালানো হয়।
তিনি আরও জানান, সরজমিনে তদন্তকালে ডায়াগনস্টিক সেন্টারটিতে একাধিক গুরুতর অনিয়মের চরম প্রমাণ পাওয়া যায়। দেখা গেছে, প্রতিষ্ঠানটিতে পরীক্ষা-নিরীক্ষা সংক্রান্ত কোনো হালনাগাদ রেজিস্টার খাতা সংরক্ষণ করা হয় না। সবচেয়ে আশঙ্কাজনক বিষয় হলো—কোনো রক্তের নমুনা বা প্রয়োজনীয় শারীরিক পরীক্ষা না করেই বিদেশগামীদের ভুয়া মেডিকেল ফিটনেস সনদ দেওয়া হচ্ছিল।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, ভুল স্বীকার করে ভবিষ্যতে এমন প্রতারণামূলক কর্মকাণ্ড আর না করার লিখিত অঙ্গীকারনামা প্রদান করায় প্রতিষ্ঠানটি তাৎক্ষণিকভাবে সিলগালা না করে ১ লাখ টাকা জরিমানা করা হয়। তবে পুনরায় একই ধরনের প্রতারণার প্রমাণ পাওয়া গেলে প্রতিষ্ঠানটি স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হবে বলে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে।