শিরোনাম

নেত্রকোণা, ৮ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : সড়ক উন্নয়ন কাজের গুণগত মান বজায় রাখতে ও পূর্ণ স্বচ্ছতা নিশ্চিত করতে গভীর রাতে ঢালাই কাজ তদারকি করেছেন নেত্রকোণা পৌরসভার প্রশাসক এবং অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব, শিক্ষা ও আইসিটি) মুন মুন জাহান লিজা।
গতকাল সোমবার রাত ১১টায় শিশুকন্যাকে সাথে নিয়ে তিনি জেলা শহরের পৌর এলাকা ইসলামপুর মোড় থেকে চন্দ্রনাথ স্কুল গেট পর্যন্ত সড়ক উন্নয়ন কাজ সরেজমিনে পর্যবেক্ষণ করেন। নিজের দায়িত্বের প্রতি এমন নিষ্ঠা ও স্বচ্ছতা নিশ্চিতে তাঁর ব্যতিক্রমী উদ্যোগ স্থানীয় সাধারণ মানুষ থেকে শুরু করে বিশিষ্টজনদের মাঝে গভীর মুগ্ধতা ও প্রশংসার সৃষ্টি করেছে।
নেত্রকোণা পৌরসভা সূত্রে জানা গেছে, জেলা শহরের ইসলামপুর মোড় থেকে চন্দ্রনাথ স্কুলের গেট পর্যন্ত ২৯০ মিটার দীর্ঘ সড়কের উন্নয়ন ও ঢালাই কাজের উদ্বোধন এবং তদারকিতে গভীর রাতে উপস্থিত হন তিনি। কাজের গুণগত মান বজায় রাখা এবং সঠিক নিয়মে নির্মাণকাজ সম্পন্ন হচ্ছে কি-না, তা সরেজমিনে পর্যবেক্ষণ করেন এই কর্মকর্তা। শুধু রাতে নয়, এর আগে দুপুরেও কাজের রড বাইন্ডিংসহ অন্যান্য আনুষঙ্গিক বিষয় নিবিড়ভাবে পরিদর্শন করেন তিনি।
কাজের গুণগত মান এবং স্বচ্ছতা নিশ্চিত করতেই তাঁর এই উদ্যোগ। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি স্পষ্ট জানিয়ে দেন, নারী হিসেবে নয়, একজন দায়িত্বশীল কর্মকর্তা হিসেবেই তিনি তদারকির কাজ করছেন। কাজের স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়ে তিনি জানান, ঢালাইয়ের আগেই রড বিছানোর ছবি তিনি সবার দেখার জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে উন্মুক্ত করে দিয়েছেন।
এর কারণ ব্যাখ্যা করে মুন মুন জাহান লিজা বলেন, ‘আমি ঢালাইয়ের আগেই ছবি দিয়েছি। যদি কেউ কোনো নেতিবাচক মন্তব্য করে বা ত্রুটি ধরিয়ে দেয়, তাহলে আমি সেটা আবার ঠিক করব। আমার সৎ সাহস আছে বলেই আমি এই চ্যালেঞ্জটা নিয়েছি।’
গভীর রাতে কাজের তদারকি করাটা ব্যক্তিগত নাকি দাপ্তরিক দায়বদ্ধতা-এমন প্রশ্নের জবাবে দৃঢ়তার সঙ্গে তিনি বলেন, ‘এটাকে আপনারা জনগণের প্রতি দায়বদ্ধতা বা কর্মের দায়বদ্ধতা বলতে পারেন। এখানে নারী হিসেবে নয়, আমি নিজেকে একজন কর্মকর্তা হিসেবে দেখছি। এখানে জেন্ডার বড় বিষয় নয়। আমার যে পরিচয় ও পদবি, সেই অনুযায়ী জনগণের সেবা যেন সুনিশ্চিত হয় এবং কাজের গুণগত মান যেন বজায় থাকে, সেজন্যই আমি নিজে দাঁড়িয়ে থেকে কাজ দেখছি।’