বাসস
  ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩:০৪

বাকৃবি’র নতুন উপাচার্য অধ্যাপক ড. রফিকুল ইসলাম সরদার

অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার। ছবি : সংগৃহীত

ময়মনসিংহ, ৮ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিক্স বিভাগের অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার।

আজ মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের অনুমোদনক্রমে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ অনুযায়ী অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদারকে উপাচার্য পদে নিয়োগ দেয়া হয়েছে। তিনি যোগদানের তারিখ থেকে পরবর্তী চার বছর অথবা অবসর গ্রহণের তারিখ পর্যন্ত যেটি আগে ঘটে উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

নিয়োগের শর্ত অনুযায়ী, তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা এবং বিধি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে ক্যাম্পাসে অবস্থান করতে হবে তাকে।

বাকৃবি’র ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিক্স বিভাগের অধ্যাপক অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার দীর্ঘদিন ধরে শিক্ষকতা ও গবেষণার সঙ্গে যুক্ত। সম্প্রতি তিনি মৎস্য সম্পদ গবেষণা ও বিজ্ঞানে অবদানের স্বীকৃতিস্বরূপ ‘জাতীয় মৎস্য পদক-২০২৬ (স্বর্ণপদক)’ অর্জন করেন।

এরআগে তিনি বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও বিভিন্ন প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিলেন। নতুন উপাচার্য হিসেবে দায়িত্ব পাওয়ায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে তাকে ঘিরে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে।