শিরোনাম

নাটোর, ৬ সেপ্টেম্বর ২০২৬ (বাসস): জেলার সদর উপজেলায় অনুমোদনহীন আয়ুর্বেদিক ওষুধ উৎপাদনের দায়ে একটি প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা এবং বিভিন্ন অনিয়মের দায়ে অপর একটি প্রতিষ্ঠান বন্ধের আদেশ দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ রোববার সদর উপজেলার খোলাবাড়িয়া বাজার এলাকায় অভিযানকালে এসব ব্যবস্থা গ্রহন করেন জেলার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হাসান।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয় সূত্রে জানা যায়, সদর উপজেলার খোলাবাড়িয়া এলাকায় বিভিন্ন আয়ুর্বেদিক ওষুধ কারখানায় অভিযানকালে নানা অনিয়ম পরিলক্ষিত হয়। এ সময় অনুনমোদিত আয়ুর্বেদিক সামগ্রী উৎপাদনের দায়ে ভান্ডারী আয়ুর্বেদিক ঔষধালয়ের মালিক মো. শাহজালালকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। একই এলাকায় বিভিন্ন অনিয়মের কারণে আব্দুস ছালামের মালিকানাধীন হেকিমী দাওয়াখানা সাময়িক বন্ধের আদেশ প্রদান করা হয়।
এ সময় জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা নেয়ামুল হাসান নীপ সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।