শিরোনাম

নীলফামারী, ৪ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : জেলায় আজ নানা আয়োজনে পালিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী।
এ উপলক্ষে আজ শুক্রবার বেলা ১১টায় জেলা শহরের কেন্দ্রীয় শ্রী শ্রী কালিমাতা মন্দির চত্বর থেকে একটি মঙ্গল শোভাযাত্রা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
শোভাযাত্রা শেষে শ্রী শ্রী কালিমাতা মন্দিরে শ্রীকৃষ্ণের মহানাম কীর্তন অনুষ্ঠানের আয়োজন করা হয়। শেষে সেখানে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।
এসব অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মেহেদী মোর্শেদ, জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক, সিনিয়র যুগ্ম-আহাবায়ক মো. সোহেল পারভেজ, নীলফামারী চেম্বার অব কমার্স এণ্ড ইণ্ডাস্ট্রিজের সভাপতি মো. মাহবুব উর রহমান, শ্রী শ্রী আনন্দময়ী কালিবাড়ি মন্দিরের সভাপতি অক্ষয় কুমার রায়, সাধারণ সম্পাদক তাপস সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।
শুক্রবারের কর্মসূচিতে শহরের শ্রী শ্রী শিব মন্দির, মিলনপল্লী, বাড়াইপাড়া মন্দির, যোগমায়া এবং সনাতন গীতা সংঘ, শারদাঞ্জলি ফোরাম, জেলা পূজা উদযাপন ফ্রণ্ট, হিন্দু মহাজোট, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য ফ্রণ্টসহ বিভিন্ন হিন্দু ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্য এবং সাধারণ ভক্তবৃন্দ অংশগ্রহন করেন।
শ্রী শ্রী আনন্দময়ী কালিবাড়ি মন্দিরের সাধারণ সম্পাদক তাপস সাহা জানান, মন্দির কমিটির আয়োজনে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে। শনিবার সকালে কর্মসূচির সমাপ্তি হবে।