বাসস
  ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৪৬

ব্রহ্মপুত্রের ভাঙনে রাজীবপুরে ১৫টি পরিবার গৃহহীন

ছবি: বাসস

কুড়িগ্রাম, ৪ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস): জেলার রাজীবপুর উপজেলার কোদালকাটি ইউনিয়নের উত্তর কোদালকাটি ব্যাপারী পাড়া এলাকায় ব্রহ্মপুত্র নদের তীব্র ভাঙন দেখা দিয়েছে। 

ভাঙনে গত সাত দিনে ১৫টি পরিবারের বসতবাড়ি ও প্রায় ১০ একর ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, এলাকাটির প্রায় ৫০০ মিটার জুড়ে ব্রহ্মপুত্রের অব্যাহত ভাঙন চলছে। নদীর কবলে পড়ে ইতোমধ্যে স্থানীয় আব্দুল মোতালেব, আবদুল্লাহ, মিলন মিয়া, এরশাদুল ইসলাম, সাইফুল ইসলাম, জাহিদুল হক ও আবু সাঈদসহ ১৫ জনের বসতভিটা সম্পূর্ণ ধসে গেছে। বসতবাড়ি হারানো এই নিঃস্ব পরিবারগুলো বর্তমানে চরম আশ্রয়ন সংকটে ভুগছে।

ভাঙন পরিস্থিতির ভয়াবহতা বর্ণনা করে কোদালকাটি ইউনিয়নের সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য মাসুদ আহমেদ জানান, বসতবাড়ি হারানো পরিবারগুলো আশ্রয়ের আশায় প্রতিদিন তার বাড়িতে গিয়ে ভিড় করছে। তাদের দ্রুত পুনর্বাসনের বিষয়টি নিয়ে তিনি অত্যন্ত চিন্তিত।

তিনি সতর্ক করে বলেন, অবিলম্বে ভাঙন প্রতিরোধে ব্যবস্থা না নেওয়া হলে উত্তর কোদালকাটি মণ্ডল পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ব্যাপারী পাড়া হাফিজিয়া মাদ্রাসা ও আনছার ডিলার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ এলাকার শতাধিক বসতবাড়ি এবং শত শত বিঘা ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কায় রয়েছে।

এ বিষয়ে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান বাসসকে জানান, ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি ভিত্তিতে প্রতিরক্ষামূলক কাজ পরিচালনার জন্য প্রয়োজনীয় অর্থের চাহিদা জানিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন পাঠানো হয়েছে।

তিনি আশা প্রকাশ করেন, প্রয়োজনীয় অর্থ বরাদ্দ পাওয়া মাত্রই উক্ত স্থানে দ্রুত কাজ শুরু করা সম্ভব হবে।