শিরোনাম

ঝিনাইদহ, ৪ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস): জেলার কালীগঞ্জে গড়াই পরিবহনের যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ২০ জন আহত হয়েছেন।
আহতদের মধ্যে ৫ জন হাসপাতালে চিকিৎসাধীন। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কেয়াবাগান নামক স্থানে ঝিনাইদহ-যশোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে কুষ্টিয়া থেকে গড়াই পরিবহনের যাত্রীবাহী বাসটি খুলনার উদ্দেশে রওনা করে। পথিমধ্যে ঝিনাইদহ-যশোর মহাসড়কের কেয়াবাগান এলাকায় পৌঁছালে বাসের সামনের চাকার এক্সেল ভেঙে যায়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশে খাদে উল্টে যায় বাসটি।
এ সময় আহত হয় অন্তত ২০ জন যাত্রী। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
আহতদের মধ্যে ৫ জন চিকিৎসাধীন। অন্যরা বিভিন্ন ক্লিনিক ও সেবাকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মোফাজ্জেল হোসেন বাসসকে বলেন, দুর্ঘটনার শিকার বাসটির উদ্ধারকাজ চলমান রয়েছে।
আহত যাত্রীদের অনেকেই হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। ৪/৫ জন গুরুতর আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।