শিরোনাম

শরীয়তপুর, ৪ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস): জেলা শহরের প্রাণকেন্দ্র গার্লসস্কুল রোডে অবস্থিত নূর হোটেল ইন্টারন্যাশনালে (আবাসিক) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
গতকাল বৃহস্পতিবার রাত আনুমানিক ২টায় ৬ তলা ভবনের নীচতলা থেকে আগুনের সূত্রপাত ঘটে। এ সময় হোটেলের কর্মচারী ও অতিথিরা ঘুমিয়ে ছিলেন।
আগুন দেখে এক পর্যায়ে হোটেল কর্মচারীগণ টের পেয়ে চিৎকার শুরু করেন। এ সময় আগুনে পুরো হোটেল ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় হোটেলের নীচতলায় থাকা একটি প্রাইভেটকার ও ১২টি মোটরসাইকেল পুড়ে গেছে।
আগুনের ভয়ে হোটেলের ১৭ জন অতিথি ও কর্মচারীরা ছাদে আশ্রয় নেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করেন।
এ সময় ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পাঁচজন আহত হন। তাদের মধ্যে তিনজন স্থানীয় ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।
এ ব্যাপারে হোটেলের সহকারী ম্যানেজার সাইফুল ইসলাম বাসসকে বলেন, দৈনন্দিন কাজ শেষে আমি ঘুমিয়ে ছিলাম। মধ্য রাতে কর্মচারীদের ডাক চিৎকার শুনে জেগে নীচতলায় আগুন জ্বলতে দেখে ফায়ার সার্ভিসকে ফোন করে জানাই।
ফায়ার সার্ভিস এসে আধাঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে নীচতলার পুড়ে সব ছাই হয়ে যায়। এতে কোটি টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।
ঘটনাস্থলে কর্মরত শরীয়তপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যার হাউজ ইন্সপেক্টর শংকর বিশ্বাস বলেন, আগুন লাগার ঘটনার খবর শুনে আমরা এসে দেখি আগুন জ্বলছে। আগুনে একটি প্রাইভেটকার ও বারোটি মোটরসাইকেল জ্বলতেছে। এরপর আমরা দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করি।
শরীয়তপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. ছাবের আলী বলেন, নূর হোটেলে অগ্নিকাণ্ডের খবর পেয়ে দুটি ইউনিটকে পাঠিয়েছি। তারা আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার সঠিক কারণ তদন্ত করে বলা যাবে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।