বাসস
  ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৯:২৪

খুলনায় সড়ক দুর্ঘটনায় নিহত ১  

খুলনা, ১ সেপ্টেম্বর ২০২৬ (বাসস): নগরীর খালিশপুর থানা এলাকায় আজ দ্রুতগতির একটি মোটর সাইকেলের ধাক্কায় হামিদ খন্দকার (৬৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। 

আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে খালিশপুর থানার গোয়ালখালী নেসারিয়া মাদ্রাসার সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত হামিদ খন্দকার খুলনার খালিশপুর থানা এলাকার ওসমান খন্দকারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে হামিদ খন্দকার রাস্তা পারাপারের সময়ে বেপরোয়া গতির একটি মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় ওসমান খন্দকারকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘাতক মোটরসাইকেল ও এর চালককে শনাক্ত করার চেষ্টা চলছে।