শিরোনাম

রুয়েট, ১ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস): বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীকে শুধুমাত্র সার্টিফিকেট প্রদান করে না, সমাজকে এগিয়ে নেয়ার প্রাথমিক শিক্ষাটা তারা বিশ্ববিদ্যালয় থেকেই পায়।
আজ মঙ্গলবার রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) আয়োজিত বিশ্ববিদ্যালয় দিবস (প্রতিষ্ঠা বার্ষিকী) উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা, চিত্রঙ্কন প্রদর্শনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উত্তাল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে যেসব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে সম্পর্কটা ছিল অটুট সেই জায়গায় অতি অল্প সময়ে সমস্ত কিছু পেছনে ফেলে একাডেমিক কার্যক্রম চালিয়ে যেতে পেরেছি। যেখানে শিক্ষক-শিক্ষার্থীদের অটুট সম্পর্ক ছিল না, সেই জায়গায় এখনও সমস্যা রয়ে গেছে।
তিনি আরও বলেন, শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীকে শুধুমাত্র সার্টিফিকেট প্রদান করে না। জীবনে চলার জন্য, সমাজের জন্য, সমাজকে এগিয়ে নেয়ার জন্য যা কিছু প্রয়োজন, নৈতিক শিক্ষা থেকে শুরু করে পরস্পরের সঙ্গে বন্ধনে আবদ্ধ থেকে সমাজকে এগিয়ে নেয়ার প্রাথমিক শিক্ষাটা বিশ্ববিদ্যালয় থেকে পায়। রুয়েট সেই পরিবেশ তৈরি করতে পেরেছে। রুয়েট ক্যাম্পাস অনেক শান্ত ও স্নিগ্ধ। রুয়েটের প্রত্যেকটি শিক্ষক-শিক্ষার্থী গবেষণা করতে আগ্রহী এবং এর জন্য তারা সুযোগ-সুবিধা চায়।
রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আখতার হোসেন, মেকানিক্যাল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম, সিভিল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. কামরুজ্জামান, এ্যপ্লাইড সায়েন্স এ্যন্ড হিউম্যানিটিজ অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুল কাদের জিলানী, ইলেকট্রিক্যাল এ্যন্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. বশির আহমেদ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রুয়েটের ছাত্র কল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার। অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী সহ শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষ্যে সকালে রুয়েট প্রাঙ্গনে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। এছাড়াও রুয়েট প্রাঙ্গনে অবস্থিত শহীদ শিক্ষার্থীদের কবর জিয়ারত এবং তাদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। ক্যাফেটারিয়ায় গবেষণা পোস্টার ও স্টার্টআপ মডিউল প্রদর্শনীর আয়োজন করা হয়।
দুপুরে বাদ যোহর রুয়েটের অগ্রযাত্রাসহ দেশ এবং জাতির কল্যাণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।