শিরোনাম

টাঙ্গাইল, ১ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস): জেলায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে টাঙ্গাইলের সিনিয়র দায়রা জজ আদালতের বিচারক মো. হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন, সখীপুর উপজেলার ইচ্ছাদিঘী গ্রামের আতিয়াপাড়ার হায়দর আলীর ছেলে মো. মেহেদী হাসান (৩৮)।
টাঙ্গাইলের পিপি মো. শফিকুল ইসলাম রিপন জানান, দণ্ডিত মেহেদী হাসান দীর্ঘদিন ধরে অনলাইনে জুয়ায় আসক্ত ছিলেন। জুয়ার টাকা ও পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে স্ত্রী কাকলীর ওপর প্রায়ই শারীরিক ও মানসিক নির্যাতন করতেন।
এরই ধারাবাহিকতায় ২০২৫ সালের ৩ আগস্ট সকালে ছুরি দিয়ে কাকলীর পিঠে আঘাত করেন।
এ সময় তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক কাকলীকে মৃত ঘোষণা করেন। ঘটনার দিনই নিহতের ভাই মো. বাদল মিয়া সখীপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।
তিনি আরও জানান, তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। মামলায় মোট ১৩ জন সাক্ষির সাক্ষ্যগ্রহণ করা হয়। রায় ঘোষণা সময় আসামি মেহেদী হাসান আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে টাঙ্গাইল জেলা কারাগারে পাঠানো হয়।